দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা থেকে খুলনামুখী লংমার্চের পথে অন্যান্য জেলায় পথসভা করলেও গোপালগঞ্জে কোনো পথসভা করবে না জামায়াতে ইসলামী। এ সিদ্ধান্তের সমালোচনা করে দলটির বিরুদ্ধে ভয়ের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শনিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে লংমার্চ করে খুলনা যাচ্ছে। পথে সব জেলায় পথসভা করলেও শুধু গোপালগঞ্জে কোনো পথসভা করবে না দলটি। এ বিষয়ে তারা সংবাদ সম্মেলন করে ঘোষণাও দিয়েছে। তার মতে, একটি দল রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ব হলে এমন বিষয়ে সংবাদ সম্মেলন করতে পারে।
জামায়াত নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, দলটির নেতারা প্রায়ই বলেন, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। অথচ গোপালগঞ্জবাসীর ভয়ে সেখানে কোনো পথসভা করবে না জামায়াত। ‘এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস’, লেখেন তিনি।
পোস্টে সাদিক কায়েমদের গণভবন দখলের নকশা তৈরির প্রসঙ্গও তোলেন রাশেদ খাঁন। তিনি প্রশ্ন করেন, সেই সাহস নিয়ে গোপালগঞ্জ অভিমুখে লংমার্চের একটি পরিকল্পনা করা যেত না কেন?
তিনি আরও লেখেন, জামায়াত জোট কোনো ঝামেলায় জড়াতে চায় না, ঝুঁকিও নিতে রাজি নয়। তারা বিরোধী দল হতে চায়, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটি উসকানি হয়ে যেতে পারে বলে সেখানে কর্মসূচি রাখবে না। এ কারণে লংমার্চ সফল করতে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, জনগণ জামায়াতের কাছ থেকে একটি লড়াই দেখতে চেয়েছিল। দলটি যদি গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার দুঃসাহস দেখাত, তাহলে সাদিক কায়েমদের গণভবন দখলের নকশা তৈরির দাবির বিষয়ে মানুষ বিশ্বাস করত।
/অ